ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়ক অবরোধ করেন। পরে জেলা সদরের বাংলাবাজার, বাঘেরবাজার, শিরিরচালা এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিল্প কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দফায় দফায় মহাসড়ক অবরোধ এবং শ্রমিক-পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ায় শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে গাজীপুর মহানগরের নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকার পরিস্থিতি অন্য দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল।
বাঘেরবাজার এলাকায় দায়িত্বরত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা বলেন, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকেরা অবরোধ করেন। তাৎক্ষণিকভাবে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বিকেল ৩টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যান চলাচল শুরু হয়েছে। এই সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা অবরোধ সৃষ্টি করেন। আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকেই শ্রমিকদের নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি জানান, সকালে হট্টগোল শুরুর পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি এলাকায় ১১টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।