মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে সীমান্তের শূন্যরেখার কাছ থেকে ৮ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বান্দরবানে সীমান্তের শূন্যরেখার কাছ থেকে ৮ জন আটক

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের কাছ থেকে আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধীন দোপানীছড়া বিওপির একটি বিশেষ টহলদল তাদের আটক করে।

সোমবার (১৬ নভেম্বর) রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বিজিবি জানায়, দোপানীছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ত্রিদেশীয় সীমান্ত পিলার-২৩৬৪-এর কাছাকাছি শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫ গজ দূর থেকে তাদের আটক করা হয়। আটক আটজনের মধ্যে দুজন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য।

আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের শৈলকুপার বারইহুদা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিমপাড়ার মো. শেরআলীর ছেলে মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. আবুল হাসানের ছেলে মো. নাহিদ হাসান আশিক (৩৩), ঢাকার চকবাজারের হোসাইনী দালান রোডের মৃত গিয়াস উদ্দিন ইসলামের ছেলে এস ইসলাম সোহেল (৩৮), ভোলার চরফ্যাশনের জিন্নাগড় গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. হোসেন শরিফ (২৯), চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিজানুর রহমানের ছেলে মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং বান্দরবানের পায়ারিংয়ের ছেলে লংরাও মুরং (২৫) ও খানসো মুরংয়ের ছেলে ডনরয় মুরং (৩০)।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাতযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাঁবু এবং ক্যাম্পিংয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজিবির ভাষ্য, বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া আন্তর্জাতিক সীমান্তের এত কাছে তাদের অবস্থান সন্দেহজনক। এ কারণে বাংলাদেশের পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ৩ ধারার পরিপন্থি এবং একই আইনের ১১(১)(ক) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে তাদের প্রাথমিকভাবে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


আটক

খবরটি শেয়ার করুন