মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের সাড়ে ৪ মাস পর রেস্টুরেন্টের পেছনে মিলল কিশোরীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি

🕒 প্রকাশ: ০৯:২৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

নিখোঁজের সাড়ে ৪ মাস পর রেস্টুরেন্টের পেছনে মিলল কিশোরীর মরদেহ

কক্সবাজারের উখিয়ায় সাড়ে চার মাস ধরে নিখোঁজ থাকা ১৭ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার একটি রেস্টুরেন্টের পেছনের জলাভূমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত কিশোরীর নাম তাজমিমা আক্তার (১৭)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নুরারডেইল এলাকার আব্দুর রহিমের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই মাস থেকে নিখোঁজ ছিলেন তাজমিমা। এরপর থেকে তার কোনো সন্ধান পাচ্ছিল না পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির-সংলগ্ন হাইওয়ে রেস্টুরেন্টের পেছনের একটি জলাভূমিতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বালুখালী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় জলাভূমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষে আইনি কার্যক্রম শুরু করা হয়।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সাড়ে চার মাস ধরে নিখোঁজ থাকার পর কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। জুলাই মাসে নিখোঁজ হওয়ার পর থেকে তার অবস্থান কোথায় ছিল, কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কীভাবে মরদেহটি বালুখালী এলাকায় পৌঁছেছে—এসব বিষয় এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের তথ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একইসঙ্গে ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


কক্সবাজার

খবরটি শেয়ার করুন