মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ বলেন, দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। এর মধ্যে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে। এটা হচ্ছে আমাদের পরিকল্পিত ধাপ। সংখ্যা এবং এটার স্পেসিফিক নামগুলো আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটের মাধ্যমে সবাই জেনে যাবেন।

তিনি বলেন, ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি কমিশন সভায় আলোচনা হয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তথা ইউপি নির্বাচন শুরু করার পূর্বে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নির্বাচনের মতোই একটি ডায়ালগ করব এবং এই ডায়ালগটা আগামী ১০ ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হবে। সংলাপে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।

প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ধরে নিন যদি প্রথম ধাপের নির্বাচন তো আমরা বলে দিয়েছি, ২১ জানুয়ারি, তার থেকে প্লাস-মাইনাস ৫০ দিন—এটা জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন। তবে কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং আইন-শৃঙ্খলা কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে সহায়তা করবে।


নির্বাচন কমিশন

খবরটি শেয়ার করুন