সাতক্ষীরা সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি দেখতে পেয়ে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলিবর্ষণ করে। এরপর টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করে।
বিজিবি জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। সীমান্ত এলাকায় জনবল বাড়ানোর পাশাপাশি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ গমনাগমন ও অনুপ্রবেশ ঠেকাতে দিন-রাত মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধিও সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে।
সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে বলে জানায় বিজিবি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রমও জোরদার করা হয়েছে।
যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন বিওপিসহ সব জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।