বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো নিয়ে মুখ খুললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো নিয়ে মুখ খুললেন নেইমার

সাও পাউলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টি ঘিরে যে খবর ছড়াচ্ছে, তাতে ভিনিসিয়ুস জুনিয়রের মনে ঝড় ওঠার কথা। তার সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে নেইমারের মধ্যে কিছু একটা চলছে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, এই ইনফ্লুয়েন্সার ও নারী ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

টিওয়াইসি স্পোর্টস-এর প্রাথমিক প্রতিবেদন ও মেত্রোপলিস ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, ৬ নভেম্বর বিশেষ ব্যক্তিগত অনুষ্ঠানে নেইমারের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন ভার্জিনিয়া। এমনটাই দাবি করেছেন সাংবাদিক ফ্যাবিয়া অলিভেইরা।

প্রতিবেদনগুলোতে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। মোবাইল ফোন ছিল নিষিদ্ধের তালিকায়। দাবি করা হয়েছে, ওই অনুষ্ঠানে নেইমারের কোলে বসেছিলেন ভার্জিনিয়া এবং নেচেও ছিলেন তারা। মাইক্রোফোনে নেইমার ভার্জিনিয়াকে তার বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে সম্বোধন করেছেন। দুজনেই প্রচুর পরিমাণে মদ পান করেছিলেন।

এমন খবর বাতাসেরও আগে ছড়িয়ে পড়ার পর নেইমার ও ভার্জিনিয়ার পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। ভার্জিনিয়ার প্রতিনিধির পাঠানো এক বিবৃতিতে এই দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলা হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে তার ভিত্তিহীন গুঞ্জনের মধ্যে পড়ার অভিজ্ঞতা এই প্রথম নয় বলেও জানানো হয়েছে ওই বক্তব্যে।

গুঞ্জন উড়িয়ে দিয়ে নেইমার ইনস্টাগ্রামে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘কোনো একজনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে শুরু করেছে। আমি এটি প্রত্যাখ্যান করছি। এমন এক সময়ে বাস করা সত্যিই দুঃখজনক, যখন মানুষ সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতিকে কেন্দ্র করে গড়ে ওঠা আলোচনায় বেশি আগ্রহী। আমার দল ইতিমধ্যে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে, কিন্তু বিষয়টির অবসান ঘটাতে আমি নিজে থেকে মুখ খোলাটা জরুরি মনে করেছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি সাধারণত এমন সব গল্প তৈরি হলে কিছু করি না। কিন্তু তারা এবার সব সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’


নেইমার

খবরটি শেয়ার করুন