বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ করতে ৩০০ মিলিয়ন ইউরোর অর্থায়ন নিশ্চিত হয়েছে। একই সঙ্গে স্টেডিয়ামের ছাদ নির্মাণের কাজ শেষ করতে তুরস্কের নির্মাণ প্রতিষ্ঠান লিমাকের সঙ্গে চুক্তি করেছে কাতালান ক্লাবটি। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সংস্কারকাজের শেষ ধাপ এগিয়ে নেওয়ার পথ তৈরি হলো।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বার্সেলোনার সাধারণ সভায় গত ১৯ সেপ্টেম্বর অনুমোদিত ঋণের পরিমাণ বাড়ানোর অংশ হিসেবে বিনিয়োগকারীরা ইতিমধ্যে ৩০০ মিলিয়ন ইউরো ছাড় করেছেন। প্রকল্পের শেষ ধাপের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে।
চুক্তি অনুযায়ী, চলতি মৌসুম শেষ হওয়ার পরপরই ক্যাম্প ন্যুর ছাদ নির্মাণের কাজ শুরু হবে। ২০২৭-২৮ মৌসুমের দ্বিতীয়ার্ধে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় মূল দায়িত্বে থাকবে লিমাক। তবে প্রয়োজন অনুযায়ী অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানও কাজ করবে।
সংস্কারকাজের সময়সূচি নিয়ে বার্সেলোনা ও লিমাকের মধ্যে কয়েক দফা মতবিরোধ তৈরি হয়েছিল। একপর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রেখেছিল ক্লাবটি। তবে শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে।
বর্তমানে ৬২ হাজার ৬৫২ দর্শক ধারণক্ষমতার ক্যাম্প ন্যু থেকে আয় আসতে শুরু করেছে। গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো থেকেই ১৯.১ মিলিয়ন ইউরো আয় করেছে বার্সেলোনা। স্টেডিয়ামের নতুন দোকান ও জাদুঘর ২০২৭ সালের শুরুতে চালুর পরিকল্পনা রয়েছে।
ছাদ নির্মাণ শেষ হলে স্টেডিয়ামের তিনটি গ্যালারিই দর্শকদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। ২০২৭-২৮ মৌসুমের প্রথমার্ধে বার্সেলোনা মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে খেলবে। তবে ছাদের কাজ নির্ধারিত সময়ে শেষ হলে মৌসুমের দ্বিতীয়ার্ধে ক্যাম্প ন্যুতে ফিরতে পারবে দলটি।
প্রকল্পের অন্যতম বড় আকর্ষণ হবে ভিআইপি বক্স। ২০২৮-২৯ মৌসুমে পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে এগুলোর। ওই মৌসুমের শেষ দিকে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়নস লিগের ফাইনালও।